নেপালে ৯ মাস পর মিলল ৫ পর্বতারোহীর মরদেহ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:৪০

নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় নয় মাস পর পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের অর্থাৎ ৯ মাস আগে নভেম্বরে তুষারধসে নিখোঁজ হয়েছিলেন তারা। 

সোমবার (১০ আগস্ট) দেশটির পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন মরদেহগুলোর সন্ধান পায়।

নেপালের উত্তর-পূর্বাঞ্চলের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় মরদেহগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশি এবং দুজন নেপালের নাগরিক।

মৃত এই পবর্তারোহীদের নাম-পরিচয় প্রকাশ করেছে নেপালের সরকার। তারা হলেন কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার। নিহত দুই নেপালি নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।

অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, মরদেহগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নয় মাস আগে তুষারধসে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে দুর্গম ওই পর্বতাঞ্চল থেকে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে তাদের নিখোঁজ থাকার ঘটনার অবসান হলো।

উল্লেখ্য, উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি একটি ১৮,৪৭১ ফুট (৫,৬৩০মিটার) উঁচু পর্বত। এটি নতুন পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং শৃঙ্গ, কারণ এখানে কারিগরি আরোহণের প্রয়োজন হয় খুব কম। তবে এই পর্বতে আরোহনের জন্য আগ্রহী আরোহীদের হিমবাহে চলাচল করার জন্য প্রাথমিক দক্ষতা জরুরি।

সূত্র : আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/এসজেএস