প্রভাব পড়তে পারে নেইমারে

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:২৪

কোটিনহোর বায়ার্ন যাত্রা

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ফরোয়ার্ড ফেলিপে কোটিনহো এক মৌসুমের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন। স্প্যানিশ এবং ফরাসি সংবাদ মাধ্যমে জোর আলোচনা, এই চুক্তির ফলে নেইমারকে ফেরানোর আশা অনেকাংশেই ফিকে হয়ে এসেছে কাতালান দলটির।

লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে বার্সেলোনায় আসা কোটিনহো ২০১৭-১৮ মৌসুমের শেষাংশে বার্সেলোনার হয়ে করেছিলেন ২২ ম্যাচে ১০ গোল। শুরুর এমন ঝলক দ্বিতীয় মৌসুমে ধরে রাখতে পারেননি ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। গেল মৌসুমে দলটির হয়ে ৫৩ ম্যাচ খেলে করেছেন মোটে ১১ গোল। এমন পড়তি পারফরম্যান্সই লেফট উইং নিয়ে নতুন করে ভাবাচ্ছিল বার্সেলোনাকে।

নেইমারকে ফেরানোর জন্য পিএসজিকে দেওয়া প্রস্তাবের একটা অংশও ছিলেন কোটিনহো। তবে শেষমেশ ফ্রান্স নয়, ব্রাজিলীয় ফরোয়ার্ডের ঠিকানা হলো জার্মানিতেই, অস্থায়ীভাবে। শুক্রবার রাতে ব্যাপারটি প্রথমে নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। কিছুক্ষণের মধ্যেই বার্সেলোনাও নিশ্চিত করে কোটিনহোর বায়ার্ন যাত্রার খবরটি।

কোটিনহোর এই দলবদলে নেইমারের বার্সায় ফেরার ব্যাপারটি আরো ধোঁয়াশায় পড়ে গেল, মত ফরাসি সংবাদ মাধ্যম লেকুইপ এবং স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার। এতদিন ব্রাজিলীয় তারকাকে দলে ভেড়ানোর প্রস্তাবের একটি অংশ হিসেবে কোটিনহোকে ব্যবহার করে আসছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অর্থের ব্যাপারে বনিবনা না হওয়ায় অবশ্য সে প্রস্তাবে সাড়া দেয়নি পিএসজি। তবে কোটিনহোয় ঠিকই নজর ছিল ফরাসি দলটির।

পূর্বের বৈরী সম্পর্কের কারণে নেইমারকে বার্সেলোনার কাছে ছাড়তে চায় না পিএসজি। যদি অগত্যা করতেই হয় সেক্ষেত্রে বার্সেলোনা থেকে সেরা ‘প্যাকেজ চুক্তি’টাই নিতে চায় দলটি। ফরাসি চ্যাম্পিয়নদের নবনিযুক্ত স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও থমাস টুখেলের চোখে কোটিনহোই ছিলেন সেই সেরা খেলোয়াড় যাকে নেইমারের বদলে পাওয়া সম্ভব।

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কোটিনহোর বায়ার্ন যাত্রার ফলে এখন আর তাকে পিএসজির কাছে উপস্থাপনের সুযোগটা রইল না কাতালানদের। পছন্দের খেলোয়াড়টিকে ছাড়া বার্সেলোনার ভবিষ্যত্ কোনো প্রস্তাবে পিএসজি আর সাড়া দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ফরাসি ও স্প্যানিশ সংবাদ মাধ্যম। 

তবে আরো বেশি খেলোয়াড় এবং সঙ্গে বড় অঙ্কের অর্থ প্রস্তাব করলে হয়ত সেটা মনোপুত হতেও পারে পিএসজির। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, কোটিনহোর বায়ার্নে যাওয়ার কারণে বার্সেলোনায় নেইমারের ফেরাটা অনেকাংশেই ধোঁয়াশায় পড়ে গেছে।