স্পোর্টস ডেস্ক
অধিনায়ক দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নের অপরাজিত অর্ধশতকের সুবাদে গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। সিরিজে এগিয়ে যেতে শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ১৩৫ রান, হাতে আছে ১০ উইকেট।
আগের দিন লড়াকু অর্ধশতক নিয়ে অপরাজিত নিউজিল্যান্ড উইকেটরক্ষক ব্রায়ান ওয়াটলিং এদিন থামেন ৭৭ রানে। তারপরও লেজের ব্যাটিংয়ে এদিন ৯০ রান যোগ করে সফরকারী দলটি। ফলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরুর তিন দিনে আগুন ঝরিয়েছিলেন বোলাররা। প্রতিদিনই গড়ে নয়টি করে উইকেট পড়েছে এ সময়ে। ফলে কিউইদের ছুঁড়ে দেওয়া লক্ষ্যকে পাঁচ সেশনে তাড়া করাটাকে এভারেস্টসমই মনে হচ্ছিলো।
কিন্তু চতুর্থ দিনে চরিত্র পালটে অনেকটাই ব্যাটিংবান্ধব হয়ে উঠেছে পিচ। এর কৃতিত্ব পুরোটাই লঙ্কান ওপেনিং জুটির। দারুণ ধৈর্যের পরীক্ষা দিয়ে করুণারত্নে এবং থিরিমান্নে তোলেন ১৩৩ রান। দুই জনের অবিচ্ছিন্ন এ জুটির সুবাদে বেশ সুবিধাজনক অবস্থানে থেকে আজ পঞ্চম দিন শুরু করবে শ্রীলঙ্কা।
