আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উদ্বিগ্ন জাপান

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:৪৬

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির মধ্যেই পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, যা এক সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয় উৎক্ষেপণ। 

বুধবার (১২ আগস্ট) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্ব উপকূলের ওয়ানসান এলাকা থেকে ছোঁড়া হয় এবং এটি ৭০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে।

ইয়োনহাপ বার্তা সংস্থার বরাতে জানা যায়, স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রের স্পেসিফিকেশন যৌথভাবে বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবারও উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং জাপানের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। কিয়োডো বার্তা সংস্থার তথ্যমতে, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জনগণকে সঠিক তথ্য প্রদান এবং আকাশ ও নৌযানের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অফিস (এনএসও) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তর কোরিয়াকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। ঘটনার পরপরই এনএসও প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ