ইত্তেফাক রিপোর্ট
নাটকপাড়ায় এখনো কাটেনি ঈদের আমেজ। এর মাঝেই গতকাল মঞ্চস্থ হলো বুদ্ধদেব বসুর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে নাটক ‘রাত ভ’রে বৃষ্টি’। শিল্পকলা অ্যাকাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ তিন নর-নারীর মন শরীরের টানাপোড়েনের কাহিনী উঠে এসেছে এই নাটকে। নতুন নাট্যদল আপস্টেজ এর এটি ছিল তৃতীয় প্রদর্শনী। প্রযোজনাটির নাট্যরূপ দেওয়ার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক সাইফ সুমন।
প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক সাইফ সুমন বলেন, ১৯৬৭ সালে প্রকাশিত ‘রাত ভ’রে বৃষ্টি’ বুদ্ধদেব বসুর আলোচিত-সমালোচিত একটি উপন্যাস—যা অশ্লীল ও সমাজ বিরোধী আখ্যায় আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। এমনকি পাণ্ডুলিপি পর্যন্ত ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছিল। ১৯৬৯-৭৩ পর্যন্ত মামলা চালিয়ে উচ্চ আদালতে গিয়ে খারিজ হয় অভিযোগ। কোনো কালেই মানুষ প্রচলিত ধারণার বাইরের কিছুকে সহজভাবে নিতে পারেনি। এখনো কতটুকুই বা পারে!
‘রাত ভ’রে বৃষ্টি’ নাটকটি বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প। মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে। নাটকে মনিমালা চরিত্রে রূপদান করেছেন কাজী রুকসানা রুমা। অংশ ও জয় চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে প্রশান্ত হালদার ও সাথী রঞ্জন দে। অসিত কুমারের সংগীত পরিকল্পনায় আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস।
বিভিন্ন দলের সদস্য নিয়ে গড়া আপস্টেজ দলটি এর প্রধান সম্পাদক প্রশান্ত হালদার বলেন, আপস্টেজ একটি নাটকের দল বা প্ল্যাটফর্ম বটে, তবে রেপাটরিও নয়, গ্রুপ থিয়েটারভিত্তিক দলও নয়—এটি একটি বিকল্প প্রয়াস। এমন বিকল্প থিয়েটার বা অলটারনেটিভ থিয়েটারই হয়তো ভবিষ্যতের কোনো এক কালে মূল হয়ে দাঁড়াবে। বিভিন্ন নাট্যদলের ছয় সদস্য মিলে গড়ে উঠেছে এই নতুন নাট্যদল।
