ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ও একই বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়েছে। সম্প্রতি ইউজিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অনন্য অবদান রাখাসহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের মধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রকাশনা অব্যাহত রাখতে ইচ্ছুক তাদের মধ্য থেকে ইউজিসির নীতিমালা অনুযায়ী ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। নীতিমালা অনুযায়ী একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন ইউজিসি’র প্রফেসরগণও একই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ইউজিসি প্রফেসররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে সংযুক্ত থেকে গবেষণা কার্যক্রম চালাতে পারবেন।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউজিসি সদস্য প্রফেসর ড. আখতার হোসেন, প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
