ছাত্রদলের সভাপতি ও সম্পাদক পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:২৮

প্রথম দিনে ফরম তুলেছেন ৯ জন

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে একই দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে ভোট হবে। গতকাল শনিবার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা। দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের অফিস থেকে পদপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করছেন। প্রথম দিনে সভাপতি পদে পাঁচ জন আর সাধারণ সম্পাদক পদে চার জন ফরম তুলেছেন। আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। গতকাল সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মামুন খান, গৌরীপুর পৌর ছাত্রদলের সহসভাপতি আলিমেল হাকিম মুন্সী, বাংলা কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আসাদুল আলম মিন্টু ও ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু জাহান চৌধুরী। সাধারণ সম্পাদক পদের জন্য ফরম তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, ঢাকা কলেজের ছাত্রদল নেতা এম এ কাইয়ুম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান রনি।