যুক্তরাজ্যের রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩:৪৩

মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের মেয়ে রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়ার সঙ্গে ৭ আগস্ট কুয়ালালামপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাট। ইসলামি ও মালয় রাজকীয় ঐতিহ্য অনুসরণ করে শাংরি-লা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহর পাশাপাশি পাহাংয়ের যুবরাজ টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ এবং রাজপরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে আরও ছিলেন পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান।

বিয়ের মূল পর্ব শুরুর আগে ফ্রগ্যাট সুন্নত নামাজ আদায় করেন। পরে নবদম্পতি আংটি বদল করেন এবং ‘মাস কাহউইন’ নামে পরিচিত ঐতিহ্যবাহী বিয়ের উপহার প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর মোনাজাত ও মালয় রাজপরিবারের কয়েকটি প্রথাগত আচার পালিত হয়। এর মধ্যে ‘মেরেনজিস’ ছিল অন্যতম, যেখানে নবদম্পতিকে আশীর্বাদের প্রতীক হিসেবে পানি ছিটানো হয়।

ফ্রগ্যাট ও রাজকন্যা ইলিয়ানা তাঁদের সম্পর্কের বিষয়টি বেশির ভাগ সময়ই আড়ালে রেখেছিলেন। ফলে বিয়ের আগে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

বিয়ের জন্য রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা একটি গাউন পরেন। তাঁর মাথায় ছিল রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা’। ব্রাসেলসের বেলজিয়ান জুয়েলার্স ওলফার্স থেকে সংগ্রহ করা এই বংশানুক্রমিক রত্নটি এর আগে পাহাং রাজপরিবারের অন্য সদস্যরাও বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করেছেন।

হ্যালো ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ইলিয়ানার বাবা সুলতান আবদুল্লাহ ২০১৯ সালে মালয়েশিয়ার ১৬তম ইয়াং ডি-পারতুয়ান আগং বা রাজা হন এবং পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ায় ৯ জন বংশানুক্রমিক শাসক পালাক্রমে দেশের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি মেয়াদের স্থায়িত্ব পাঁচ বছর।

৩২ বছর বয়সী ক্রিস ফ্রগ্যাট একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার। তিনি জিটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ইউরোপ এন্ডুরেন্স কাপসহ বিভিন্ন জিটি রেসিং প্রতিযোগিতায় অংশ নেন। তাঁর রেসিং জীবনীতে বলা হয়েছে, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তাঁর আগ্রহ ছিল। কোয়াড বাইক ও মোটোক্রস চালানোর অভিজ্ঞতাও গতির প্রতি তাঁর আকর্ষণ বাড়িয়েছে। তবে পেশাদার গাড়ি রেসিংয়ে তিনি আসেন ২৪ বছর বয়সে, যা তুলনামূলকভাবে দেরিতেই।

ফ্রগ্যাটের আনুষ্ঠানিক রেসিং জীবনী অনুযায়ী, ইতালির ফিওরানো টেস্ট ট্র্যাকে এক বন্ধুর অতিথি হিসেবে ফেরারি চালানোর অভিজ্ঞতা তাঁর জীবনে মোড় ঘুরিয়ে দেয়। বড় একটি ফেরারি ড্রাইভিং ইভেন্টে অংশ নেওয়ার পর তিনি মোটর রেসিংকে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিয়ের পর পাহাং রাজপরিবারের বিবৃতিতে বলা হয়, ‘মহামান্য টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা এবং ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখ, কৃপা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি লাভ করুন। তাঁদের পরিবার হয়ে উঠুক সাকিনাহ, মাওয়াদ্দাহ ওয়া রাহমাহ।’

মালয়েশিয়ার রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজা পদটি স্থায়ী নয়। দেশের ৯ জন বংশানুক্রমিক শাসক পালাক্রমে পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এই ব্যবস্থার কারণে পাহাং রাজপরিবারের সদস্য রাজকন্যা ইলিয়ানা আলিয়ার এই বিয়ে দেশটির আনুষ্ঠানিক ও সামাজিক পরিসরে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ইত্তেফাক/এনএন