আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দলের জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেন। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালে নোয়াখালীতে। স্কুলে থাকাকালীন সময়েই সংস্কৃতি অঙ্গনে সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলেন তিনি। মঞ্চ নাটকের নির্দেশনার পাশাপাশি আতাউর রহমান অভিনয়ও করছেন সমানতালে। রেডিও, টেলিভিশনেও রয়েছে তার সদর্প উপস্থিতি। এছাড়া নাট্য বিষয়ক বই, নাট্যসমালোচনা, উপস্থাপনা, শিক্ষকতা, টেলিভিশন নাট্যকার, প্রবন্ধকার, বক্তা সব ক্ষেত্রেই রয়েছে আতাউর রহমানের সরব পদচারণা। ২০০১ সালে নাট্যক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পান আতাউর রহমান।
