আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে বিএনপির হাত ধরেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। গতকাল শনিবার মানিক মিয়া এভিনিউতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, যারা সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বিএনপি জামায়াত এখনো তত্পর, তারা ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ।
হানিফ বলেন, বিএনপি এখনো ষড়যন্ত্রের পথ খুঁজছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ এদেশে সন্ত্রাসবাদ দেখতে চায় না। জঙ্গিবাদ দেখতে চায় না। যে কোনো ষড়যন্ত্র ও অশুভ তত্পরতা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে। হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আবার পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তাই ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট এর ন্যক্কারজনক এই বোমা হামলার পৃষ্ঠপোষকতা করে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। মানববন্ধনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী, মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
