তিন বছরের মধ্যে আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:৪৮

২০২৯ সালের মধ্যে আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে টার্মিনাল বসানোর সম্ভাব্য স্থান নিয়ে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, গভীর সমুদ্রে একটি এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে এভাবে আগুন লাগার বিষয়টি সরকার ‘কল্পনাও’ করেনি। এফএসআরওতে আগুন লেগেছে। টার্মিনালের পাশে আরেকটি এলএনজিবাহী জাহাজ ছিল। আগুন লাগার পর সেটি দ্রুত সরিয়ে নেওয়া গেছে।  

তিনি বলেন, দেশে দুটি এফএসআরইউ রয়েছে। এর একটিতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়। অন্যটি চালু থাকলেও ক্ষতিগ্রস্ত ইউনিট মেরামতের পর দুটি ইউনিট একসঙ্গে চালু করতে ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।

জ্বালানিমন্ত্রী বলেন, নতুন একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে।’

নতুন টার্মিনাল নির্মাণে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশ সফর করা একটি মার্কিন প্রতিনিধি দলও এফএসআরইউতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের আগ্রহ প্রকাশ করে দ্রুত চিঠি দিতে বলেছি, যাতে প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে পারি।

ইত্তেফাক/এসএএস