মিরপুরে আগুনে পুড়ে যাওয়া বস্তি দেখতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ আপনাদের সহ্য করার তৌফিক দিন। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে! মানুষ কবে পাবে নিরাপদে জীবনযাপনের অধিকার? গতকাল শনিবার দুপুরে কামাল হোসেন দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুর-৭-এর ঝিলপাড়ে আগুনে পোড়া বস্তি পরিদর্শনে যান। সেখানে তারা পরিস্থিতি দেখেন এবং বস্তিবাসীর সঙ্গে কথা বলেন।
ড. কামাল অবিলম্বে সরকারসহ সব সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন ও অশ্রুসিক্ত নয়নে। ডেঙ্গু আক্রান্ত শহরে মানুষ অসহায় অবস্থায় দিন পার করছে।
এসময় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খান এমপি, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
