মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত একটি অভিযোগের তদন্তে আটক মাহিম নামে এক যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাহিম দড়িকান্দি এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক আলমাছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর তার স্বামীর পরিবারের এক সদস্যের মেসেঞ্জারে ছবি পাঠানোর অভিযোগ ওঠে মাহিমের বিরুদ্ধে। এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে ওসি মুহাম্মদ আফজাল হোসেন এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন। পরে শুক্রবার রাত ৯টার দিকে ফারুক শেখের নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাহিমকে আটক করে। হাতকড়া পরিয়ে তাঁকে থানায় নেওয়ার সময় আন্ধারমানিক বাজার থেকে পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
স্থানীয় আব্দুর রহিমসহ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মাহিম নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় আন্ধারমানিক বাজার থেকে হাতকড়া পরিহিত অবস্থায় সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পলাতক মাহিমকে গ্রেপ্তারে হরিরামপুর থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। পরে প্রায় তিন ঘণ্টা পর তার বন্ধু, স্থানীয় ও বাবা-মায়ের সহযোগিতায় মাহিমকে এনে থানায় দেয়া হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। তখন তার হাতে হাতকড়া ছিল না। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে মাহিমকে আদালতে পাঠানো হয়েছে।

