ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও ভালো অবস্থানে বাংলাদেশ। যেখানে থেকে জয়ের আশা করা কল্পনা নয়, বরং বাস্তব। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার আরও চার উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। এখনও ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা।
তবে এমন শক্ত অবস্থানে থেকেও জয় নিয়ে আগাম হিসাব-নিকাশ শুরু করেনি বাংলাদেশ শিবির। বরং প্রতিটি সেশনে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই এখন মূল লক্ষ্য বলে মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে শান্ত বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল অন্তত পাঁচ দিন ক্রিকেট খেলার চেষ্টা করা। কিন্তু গত তিন দিনে আমরা যেভাবে যেভাবে খেলেছি, সেটা অসাধারণ। ওদের এভাবে খেলতে দেখে সত্যিই ভালো লাগছে।'
তবে এমন অবস্থাতেও দলের মনোযোগ জয় থেকে সরিয়ে রাখতে চান শান্ত। তিনি বলেন, 'আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি না। আমরা সেশন ধরে ধরে খেলছি এবং প্রক্রিয়াটা অনুসরণ করছি।'

