রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১:৫৫

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ কল পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহকর্মীর নাম রত্না আক্তার (১৭)। তার গ্রামের বাড়ি সিলেটে। বাবার নাম মো. দুলাল মিয়া।

নিউমার্কেট থানা–পুলিশ সূত্রে জানা যায়, এলিফ্যান্ট রোডের একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে একজন বয়োবৃদ্ধ নারী থাকেন। তাকে দেখাশোনার জন্য রাখা দুজন গৃহকর্মীর একজন ছিলেন রত্না। তিনি গত আড়াই মাস ধরে সেখানে কাজ করছিলেন। শুক্রবার রাতে অন্য গৃহকর্মীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান রত্না। সকালে সহকর্মী ঘুম থেকে উঠে পাশের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রত্নাকে ঝুলতে দেখে বাসার মালিককে জানান। পরে বাড়ির মালিক জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন করে পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগেই মারা যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।

 
ইত্তেফাক/এমএসআর