জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০০:৪২

জামালপুরের ইসলামপুরে মাছ ধরার জাল চুরির সন্দেহে পিটুনিতে নুর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন- গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ছোট নৌকায় করে ওই তিনজন যমুনা নদীর ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যান। এ সময় স্থানীয় জেলেরা তাদের জাল চুরির সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা প্রথমে গুঠাইল এলাকায় পৌঁছান। সেখানকার লোকজনও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সেখানে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। আহত দুজনকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ইত্তেফাক/এমএসআর