প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা জেমস

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৭

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।

শনিবার (১৫ আগস্ট) রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার বাবা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

কড়া পুলিশি পাহারায় জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর রাকিবুল হাসান জেমসকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় কারাগারে থাকা জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের একজন অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক ছিলেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে শনিবার দুপুরে তিনি মারা যান। এরপর পরিবারের পক্ষ থেকে জেমসের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়।

আবেদন মঞ্জুর হলে শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া পেয়ে পুলিশি পাহারায় তিনি বাসায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘদিন পর বাবার মরদেহ, স্ত্রী-সন্তান ও স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন জেমস। পরে বাবার জানাজায় অংশ নেন তিনি। 

জেমসের বাবার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। এদের মধ্যে নাটোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এমদাদুল হক আল-মামুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর কারণে আদালতের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসান জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়েই তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি জেমস। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। চলতি বছরের গত ২১ জুন রাতে অসুস্থ বাবাকে দেখতে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি নাটোর জেলা কারাগারে বন্দি আছেন।

 
ইত্তেফাক/এমএস