সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২২:৩১

সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য পারমিট সংগ্রহ করতে হবে। অর্থাৎ, ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের ক্ষেত্রে নির্ধারিত সেবা প্যাকেজ ও পারমিটের প্রক্রিয়া নতুন করে সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে।

জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদজুড়ে সৌদিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো ওমরাহ পালনকারীদের সফর পরিকল্পনায় আরও নমনীয়তা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হওয়ায় প্রতিটি সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় বুকিং ও অনুমতিপত্রের শর্ত বাতিল হবে না।

মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার ফলে স্পষ্ট হয়েছে, শুধু বৈধ মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করা যাবে না। প্রতিবার যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৌদি আরবের অন্যান্য প্রবেশ ও ভ্রমণসংক্রান্ত যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না। একইভাবে, নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখও সার্ভিস প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রথমবার সৌদি যাওয়ার ক্ষেত্রে প্রথমে নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে বিমানে ওঠার আগেও ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে। পরে দেশ ছাড়ার সময় প্রস্থান-সংক্রান্ত তথ্য হালনাগাদ করে ভিসাধারীর ৯০ দিনের মোট অনুমোদিত অবস্থানকাল থেকে কত দিন ব্যবহৃত হয়েছে, তা হিসাব করা হবে।

সূত্র: গালফ নিউজ

 
ইত্তেফাক/এমএস