রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল।
এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন এবং স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পায়। স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে অনেকের কাছে এটি জনপ্রিয় হলেও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো হোটেলটি।

