টেস্ট ম্যাচ জেতার অনুভূতিই আলাদা: হাসান মাহমুদ

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করেছেন পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ প্রায় একাই গুঁড়িয়ে দেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। এরপর দ্বিতীয় ইনিংসেও শিকার করেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। দুই ইনিংসে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

দুর্দান্ত এই পারফরম্যান্সের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে সেরা বোলিং ফিগারের তালিকায় কিংবদন্তি ওয়াসিম আকরাম ও মরিস টেটের পাশে নিজের নাম লিখিয়েছেন হাসান। ১৯৯০ সালে মেলবোর্নে দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। ১৯২৪ সালে সিডনিতে ইংল্যান্ডের মরিস টেটও শিকার করেছিলেন ১১ উইকেট। আর ২০২৬ সালে ডারউইনে ৯ উইকেট নিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের অনুভূতি জানাতে গিয়ে এবিসি স্পোর্টসকে হাসান বলেন, 'অসাধারণ লাগছে। আপনি জানেন, টেস্ট ম্যাচ জেতার অনুভূতিই আলাদা। আর বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নেমে জিততে পারলে অনুভূতিটা হয় আরও অন্য রকম।' ম্যাচের প্রথম দিন থেকেই সুযোগ কাজে লাগানোর মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। 

নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়ে হাসান বলেন, 'প্রথম দিন থেকেই আমরা আসলে ভাবতে শুরু করেছিলাম। টস জিতে যখন তারা বোলিং করার সুযোগ দিল, তখনই মনে হয়েছিল, হ্যাঁ, এটাই সেই মুহূর্ত। প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। সারা দিন আমরা সেভাবেই এগিয়েছি।' 

ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের জন্য আরও বড় আনন্দের উপলক্ষ্য আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অভিনন্দন পাওয়ায়। ভিডিও কলে পুরো দলের সঙ্গে কথা বলেন তিনি। দেশে ফেরার পর ক্রিকেটারদের সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে হাসান বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী ভিডিও কলে ফোন করেছিলেন। তখন সবাই খুব উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। তিনি অভিনন্দন জানিয়েছেন। তিনি খুবই খুশি। বলেছেন, বাংলাদেশে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমরা সেখানে গেলে তার সঙ্গে দেখা হবে। ম্যাচ নিয়ে কথা হবে।'

ইত্তেফাক/জেডএইচ