গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৬:০৯

গভীর বনের ভেতর দিয়ে চলে গেছে আঞ্চলিক সড়ক। সড়ক থেকে বেশ খানিকটা দূরে বনের ভেতর হাঁটাপথের দুই পাশে নির্জন স্থানে পড়ে আছে ঘোড়ার ১০টি মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়।

সোমবার (১৭ আগস্ট) সকাল আটটার দিকে গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্ত এলাকার মুদিপাড়া গ্রামে এসব পাওয়া যায়।

ঘাস কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দারা এগুলোর সন্ধান পান। পরে বিষয়টি জানাজানি হলে কৌতূহলী লোকজন সেখানে ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

স্থানীয় বাসিন্দা মো. আজিজুল ইসলাম বলেন, ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি ঘোড়ার মাথা, চামড়া, হাড়গোড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। সেখানে অন্তত ১০টি ঘোড়ার দেহের অংশ পড়ে ছিল। আরেক বাসিন্দা মো. মোস্তফা বলেন, এলাকাটি গভীর বনঘেরা। কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কে যুক্ত একটি হাঁটাপথের দুই পাশে জঙ্গলের ভেতর ঘোড়ার শরীরের বিভিন্ন অংশ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, দুর্বৃত্তরা সেখানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে।

সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির আশঙ্কা, দুর্বৃত্তরা গোপনে ঘোড়ার মাংস এভাবে সংগ্রহ করে ভোক্তাদের ধোঁকা দিচ্ছে।

কোনো চক্র এখানে ঘোড়া জবাই করেছে বলে ধারণা গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন প্রধানের।

এর আগে ২০২৫ সালের ২১ নভেম্বর ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে দুটি জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছিলেন স্থানীয় লোকজন।

এ ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন। ফেলে যাওয়া ঘোড়ার দেহের অংশগুলো মাটিচাপা দেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএ