জামায়াত-শিবিরের কর্মী হলেই জান্নাত পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘জামায়াত-শিবিরের কর্মী হলেই জান্নাত মিলবে না। সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে।’
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের মাধ্যমে দেশকে পেছনে টেনে ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর অত্যাচার চালানো চাঁদাবাজদের কোনো ঠাঁই এই স্বাধীন বাংলাদেশে হবে না।’
শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘ঠেলাগাড়িচালক বা টং দোকানদারদের কাছ থেকেও চাঁদাবাজি চলছে। মেহনতি মানুষের অভিশাপই এসব চাঁদাবাজদের ধ্বংসের কারণ হবে। যেমনটা স্বৈরাচারী আওয়ামী লীগের হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ ক্রমাগত সামনের দিকে এগিয়েছে। অথচ আমাদের দেশে বারবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। কোনো জাতি পেছনের দিকে তাকিয়ে এগোতে পারে না, তাকে সামনের দিকেই তাকাতে হয়।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডিগ্রির সার্টিফিকেট থাকলেই যেমন যোগ্যতা ছাড়া চাকরি হয় না, তেমনি জামায়াত বা শিবিরের কর্মী কিংবা সাথী সদস্য পদ পেলেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যায় না। জান্নাতের টিকিট কাজের মাধ্যমে নিশ্চিত করতে হয়।’

