ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্যসহ সাধারণ মানুষের কাছ থেকেও নিয়মিত ভুয়া ও সন্দেহজনক কনটেন্ট নিয়ে অভিযোগ আসছে। এসব কনটেন্ট যাচাই-বাছাই করে প্রচারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মন্ত্রী। এ ক্ষেত্রে গণমাধ্যম, ইউএনডিপি, ইউনেস্কো ও আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।
অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

