গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই ইসরাইলের ছুরিকাঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৭) নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলায় মহিমাগঞ্জ ইউপির গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আরেক বড় ভাই ইউসুফ হোসেন (৩৪) শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত ইসমাইল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। রবিবার বিকেলে পুলিশ ঘাতক ছোট ভাই ইসলাইলকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে ইসমাইল ও তার ছোট ভাই ইসরাইল হোসেনের মধ্যে দ্বন্দ্ব ছিল। গত শনিবার রাতে ওই সব দ্বন্দ্ব নিরসনে পারিবারিক শালিসের আয়োজন করা হয়। শালিসে বড় দুই ভাইয়ের বাক বিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই ইসরাইল বড় ভাই ইসমাইল ও ইউসুফকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: যাদুকাটা নদীটি যাদের কাছে ‘যাদুরকাঠি’
পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা দুইজনকে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইসমাইলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকা থেকে ঘাতক ইসরাইল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। এনিয়ে নিহতের স্ত্রী আকতারা বেগম বাদি হয়ে রবিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/অনি
