খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৩:০৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মীর মামুন উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনের মাথা লক্ষ্য করে গুলি করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, গুলিবিদ্ধ মামুন খুলনার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট গ্রেনেড বাবুর ‘ বি কোম্পানির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্তসহ গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ইত্তেফাক/এমএসআর