ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৬:৩০

ফ্রান্স তার দেশে অবস্থানরত ইরানের দূতাবাসের দুই কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিককে আটকের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট)  ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের সরকার তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিকের ওপর ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা চালিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সাংস্কৃতিক অ্যাটাশে। আমি আগেই বলেছিলাম, এই অসহনীয় আচরণের পরিণাম ইরানকে ভোগ করতে হবে। আমরা ইরানের দুই কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠক হয়েছিল ফ্রান্সের দুই কূটনীতিকের। এরপর ১৯ জুলাই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই কূটনীতিক এবং দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

পরে কূটনীতিকদের মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। তবে তাদের ইরানে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, ওই দুই শিল্পীর কী অবস্থা, তা এখনও জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার সাধারণ নাগরিকদের ওপর নজরদারি অনেক বাড়িয়ে দিয়েছে।

সূত্র: এএফপি

ইত্তেফাক/এবিএস