ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের একজন সাভারের আমিনবাজারের কসমেটিক ব্যবসায়ী আহমেদ বাবু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আহমেদ বাবু ওই এলাকার মৃত আদম আলীর ছেলে। আমিনবাজার বাসস্ট্যান্ডে কিউট কসমেটিক এন্ড জুয়েলারি নামে তার একটি দোকান রয়েছে। ব্যবসার কাজে নিয়মিত ভারতে যাতায়াত করতেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকানের মালামাল কিনতে কলকাতার উদ্দেশে রওনা হন আহমেদ বাবু। নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। কেনাকাটা শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ফেরার আগেই হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।
নিহতের বড় ভাই মোহাম্মাদ আলী জানান, মঙ্গলবার রাতেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল আহমেদ বাবুর। কেনাকাটা শেষ হয়েছে এবং বুধবার দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন তিনি। সকালে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
আহমেদ বাবু স্ত্রী, ১২ বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলেকে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা বাড়িতে ভিড় করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে অগ্নিকাণ্ডে আহমেদ বাবুর নিহত হওয়ার খবর জানানো হয়। পরে তার ছবি পাঠানো হলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
স্বজনরা দ্রুত আহমেদ বাবুর মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখারও দাবি জানান তারা।

