হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে যুক্ত হলো ফিঙ্গারপ্রিন্ট

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:০৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরো সুরক্ষিত হলো হোয়াটসঅ্যাপ। এবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যবস্থা নিয়ে এসেছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। আগে আইওএস ডিভাইস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে পারতেন। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.১৯.২২১ আপডেটে এই নতুন ফিচার ব্যবহার করা যাবে। তবে এই ফিচার ব্যবহার যে বাধ্যতামূলক, তা নয়। প্রয়োজনে বন্ধও রাখতে পারেন নতুন এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুযোগ।

 

যেভাবে চালু করবেন

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.১৯.২২১ আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অ্যাকাউন্ট অপশনটি। এরপর প্রাইভেসি অপশনে গেলেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত করার সুযোগ পাবেন আপনি। অ্যান্ড্রয়েড মার্শমেলো বা তার থেকে পরের ভার্সনে নতুন এই ফিচার কাজ করবে।

কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ লক করার পর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমেই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে। জানা গিয়েছে, তিনটি অপশনে এই ফিচার ব্যবহার করা যাবে। প্রথম অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের এক মিনিট পরেও তৃতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে। তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না। জানা গিয়েছে, নতুন এই ফিচারের ফলে হোয়াটসঅ্যাপ চ্যাট আরো সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সনে এই ফিচার পৌঁছালেও শিগিগরই হোয়াটসঅ্যাপ স্টেবেল ভার্সনে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লকের অপশনটি আসায় খুশি ব্যবহারকারীরা।