বলিউডে সালমান খান শুধু নিজের রাজত্ব বিস্তার করেননি। তার হাত ধরে অনেক সুন্দরীদেরও অভিষেক হয়েছে বলিউডে। যারা পরবর্তীতে বেশ দাপটের সঙ্গেই কাজ করেছেন। সেই তালিকায় রয়েছেন জেরিন খান। ক্যারিয়ারে খুব বেশি নিয়মিত না হলেও বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে সালমানকে নিয়ে কথা বলে আবারও আলোচনায় আসেন তিনি।
জেরিনকে প্রশ্ন করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কাকে তিনি মারতে চান এবং কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান। আর কাকেই বা বিয়ে করতে চান। উত্তরে জেরিন বলেন, ‘আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। আর সালমানের সঙ্গে বিয়ের গুঞ্জনে জড়াতে চাই।’ এমন মন্তব্যে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তবে বিষয়টি স্বাভাবিকভাবে অনেকের মতো সালমানও দেখছেন। বলিউডের পর এবার তেলেগু ছবিতে অভিষেক হতে যাচ্ছে জেরিনের। তেলেগু সিনেমায় কাজ ও নিজের ক্যারিয়ারের সফলতার প্রসঙ্গে জেরিন বলেন, ‘তেলেগু ইন্ডাস্ট্রি এখন অনেক এগিয়ে। গল্প ও প্রযুক্তির দিকে থেকে তেলেগু সিনেমা এখন আন্তর্জাতিকভাবেও প্রতিষ্ঠিত। এমন ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আমার জন্য নতুন এক সুযোগ। আর ক্যারিয়ারের সফলতার চেয়ে আমার কাজের মূল্যায়নটা আমার কাছে মুখ্য। সফলতা বা ব্যর্থতার হিসেবটা আমার চেয়ে অন্যরা ভালো বলতে পারবে।’
