ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের বলি হলেন আল-সাদী (২৭) নামের এক যুবক। ক্ষোভ ও হতাশা থেকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) তার মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুরে।
নিহত আল-সাদী (২৭) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আল-সাদীর এটা তৃতীয় বিয়ে। আগের দুই স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবারও তার স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির কাছের রাস্তায় দাঁড়িয়ে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। ঘটনার তিন দিন পর বুধবার (১৯ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আল-সাদী নিজেই নিজের শরীরে আগুন দিয়েছেন বলে খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

