জাতীয় দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, তিনি এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলের জন্য আরো যোগ্য খেলোয়াড় চান। ঠিক এই সময়েই কোচকে হতাশ করার মতোই একটা পারফরম্যান্স করল বাংলাদেশ এমার্জিং দল নামের এইচপি স্কোয়াড। শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা সিরিজের প্রথম ওয়ানডেতে।
বিকেএসপিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করা শ্রীলঙ্কা সাত উইকেটে তোলে ৩০৪ রান। জবাবে বাংলাদেশ মাত্র ২৮.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায়।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তাদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ছয় ওভারে ৪৮ রান তুলে ফেলার পর প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এর পরও মিডল অর্ডারে ত্রাস চালান অধিনায়ক আশালঙ্কা। তিনি ৭১ রানের ইনিংস খেলে আফিফ হোসেনের শিকার হয়ে ফেরেন। আশান ও মেন্ডিস ৩৩ ও ২৮ রান করে ফেরেন।
শ্রীলঙ্কার রানটাকে পর্বতে পরিণত করেন মূলত ১০টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা হাসারাঙ্গা। তিনি ৪৬ বলে ৭০ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে শহিদুল ইসলাম দুটি, শফিকুল ইসলাম দুটি এবং ইয়াসিন আরফাত, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ৪৯ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এক প্রান্তে সাইফ হাসান পাল্টা আক্রমণ চালাচ্ছিলেন। কিন্তু নাঈম, শান্ত ও ইয়াসির এক অঙ্কের স্কোরে ফিরে আসেন। এরপর আফিফ ১৯ রান করেছিলেন। আর বাংলাদেশের কেউ রুখে দাঁড়াতে পারেননি। হাসারাঙ্গা ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে খেলা শেষ করে দেন।
