খরায় পানির স্তর কমে যাওয়ায় পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৬:২৯

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পানামা খাল জলবায়ু পরিবর্তন ও এল-নিনোর প্রভাবে তীব্র খরার কবলে পড়েছে। এতে খালের কৃত্রিম জলাধারগুলোর পানির স্তর উদ্বেগজনকভাবে কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রশাসনিক ঘোষণায় পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্তর ধরে রাখতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নৌযানকে খালের এই সরু জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজকে খাল অতিক্রমের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর থেকে তা আরও কমিয়ে দৈনিক ৩২টিতে নামিয়ে আনা হবে। স্বাভাবিক সময়ে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে।

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি ও এল-নিনোর প্রভাবে খালের পানির অন্যতম প্রধান উৎস কৃত্রিম গাতুন লেকের পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পানির গভীরতা কমে যাওয়ায় বড় আকারের পন্যবাহী জাহাজগুলোর ড্রাফট জটিলতা দেখা দিচ্ছে, যা নৌচলাচলের স্বাভাবিক সুরক্ষাকে বিঘ্নিত করছে।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশের গুরুত্বপূর্ণ রুট পানামা খাল। সেখানে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্তে বৈশ্বিক সাপ্লাই চেইনে ফের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে পণ্য পরিবহনের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২৩ সালে চরম খরা ও পানির সংকটের কারণে খালটিতে জাহাজ চলাচল প্রায় ৩৬ শতাংশ কমিয়ে আনতে হয়েছিল।

 
ইত্তেফাক/আরএইচ