প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। শপথ গ্রহণের জন্য তারা বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।
বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শ’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সম্ভাব্য এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এর বাইরেও মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে।
মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানায়, মঈন খান ও আন্দালিভ রহমান ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দুজনই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদেরও সদস্য। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আর শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
এরই মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে আসতে দেখা গেছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

