বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২১:৪২

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে এ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকবেন।

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে আরও কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুন করে দায়িত্ব পেতে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এ ছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। বর্তমানে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং তিনিও এ পদে বহাল থাকবেন বলে জানা গেছে।

এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গেছে।

মন্ত্রিসভার পুনর্বণ্টনের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসার পাশাপাশি কয়েকজন নতুন মুখও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হচ্ছেন।

 
ইত্তেফাক/এমএএম