লিডস টেস্টে রীতিমতো বিধ্বস্ত হলো পাকিস্তান। পাঁচ দিনের ম্যাচে তিন দিনও টিকতে পারলো না তারা। শুক্রবার (২১ আগস্ট) তৃতীয় দিনের চা বিরতির আগেই জয় নিশ্চিত করেছে ইংলিশরা। মাত্র ৩৭.৩ ওভারে পাকিস্তানের ইনিংস ১৩৫ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে ইংল্যান্ড।
পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সৌদ শাকিলের ফিফটিতে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সরবোচ্চ ৬১ রান করেন শাকিল। ইংলিশদের পক্ষে অলি রবিনসন ও জস টাং নেন ৫টি করে উইকেট।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করে হ্যারি ব্রুক। এছাড়া জর্ডান কক্স ৭৬, জো রুট ৬৬ ও ড্যান লরেন্স করেন ৬৬ রান। এতে ২৩৮ রানের লিড পায় ইংলিশ।
২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৫১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। ইমাম উল হক দ্বিতীয় ওভারে ৫ বল খেলে ডাক মারেন। আজান আওয়াইজ ৯ রানে আর্চারের দ্বিতীয় শিকার হন। আব্দুল্লাহ শফিক ১৫ রান করে রবিনসনের কাছে উইকেট হারান।
এরপর ২৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এতে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় তারা।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে রবিনসন, জোফরা আর্চার ও জস টাং নেন ৩টি করে উইকেট।

