সাইনবোর্ডে অবরুদ্ধ ব্যবসায়ী পরিবার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে সাইনবোর্ড এলাকায় এক ব্যবসায়ী পরিবারকে প্রায় সপ্তাহকাল ধরে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা। এমন কি তাদের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করার ঘটনা ঘটেছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্য গোলাম রাব্বী নিজেদের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় জিডি দায়ের করেছেন। জিডি নং: ৪২। দারোগা কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ঐ পরিবারের অবরুদ্ধ থাকার বিষয়টির সত্যতা পেয়েছেন। গোলাম রাব্বী অভিযোগ করেন গত ১ ডিসেম্বর রাতের আঁধারে ফজলুল কবিরের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী সাইনবোর্ডে তাদের মালিকানাধীন ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়। রাতের আঁধারে তারা জমিতে টিনের বাউন্ডারি দিয়ে দেয়। বাউন্ডারির ভেতরে গোলাম রাব্বীদের ১০/১২টি মালবাহি গাড়ি ছিল। সন্ত্রাসীরা দখলের সময় পরিবহন শ্রমিকদের বেদম মারধর করে এবং লুটপাট চালায়। বাউন্ডারির দেওয়ার কারণে ঐ ব্যবসায়ী পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এমনকি মালবাহি গাড়ি চলাচলের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় তাদের প্রতিদিন লোকসান দিতে হচ্ছে প্রায় ৩ লাখ টাকা।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে পারিজাত কোম্পানি থেকে গোলাম রাব্বীর পিতা আব্দুল মান্নান ভুইয়া ৮৫ শতাংশ জমি ক্রয় করেন। জমিটি তখন ডোবা ছিল। এর মধ্যে গত বছর ৬৩ শতাংশ জমি ভরাট করে। নিজেরা দেখাশুনা করে আসছেন। ভরাট করা জমিতে তাদের নিজস্ব মালবাহি যান রাখা হতো। হঠাত্ করে ফজলুল কবির ও তার লোকজন রাতের আঁঁধারে গোলাম রাব্বীদের ভরাট করা জমির ৪৮ শতাংশ দখল করে নেয় এবং তাতে বাউন্ডারি দিয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। স্থানীয় লোকজনের অভিযোগ, ফজলুল কবির ও তার লোকজন বিভিন্ন সময়ে প্রশাসনের নাম ব্যবহার করে সাইনবোর্ড এলাকায় জমি দখল হামলা ভাঙচুর ও সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ফজলুল কবিরের পক্ষ নিয়ে একশ্রেণীর প্রতারক কখনো নিজেকে সাবেক র্যাব কর্মকর্তা কখনো সাবেক মেজর পরিচয় দিয়ে অহরহ প্রতারণা করে আসছে। যার সর্বশেষ শিকার হলো গোলাম রাব্বীর পরিবার। ভুক্তভোগীদের দাবি, জমি দখলদারদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ডেমরা থানা পুলিশ।