সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে আবুল কাশেম মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।
তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন পর্যায়ে রয়েছে। বাদী মারা গেলেও আইনি প্রক্রিয়া বা মামলা পরিচালনায় কোনো সমস্যা হবে না। তবে অত্যন্ত আফসোসের বিষয়, তিনি নিজের মামলার বিচার ও রায় দেখে যেতে পারলেন না।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই হামলায় যমুনা পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন পরবর্তী সময়ে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন।

