পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও নারীদের মধ্যে তা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০১৪ থেকে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। খবর সামা টিভির।
তথ্য অনুযায়ী, ২০১৪ সালে পাকিস্তানে পুরুষ ধূমপায়ীর হার ছিল ২২ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে তা কমে ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক দশকে পুরুষদের ধূমপানের হার প্রায় ২৯ শতাংশ আপেক্ষিকভাবে কমেছে।
অন্যদিকে, একই সময়ে নারীদের মধ্যে ধূমপানের হার ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ নারী ধূমপায়ীর হার প্রায় ৫৭ শতাংশ আপেক্ষিকভাবে বৃদ্ধি পেয়েছে।
দেশটির জাতীয় পর্যায়ের সামগ্রিক পরিসংখ্যানে ধূমপান হ্রাসের যে ইতিবাচক চিত্র ফুটে ওঠে, তা বিভিন্ন জনমিতিক (ডেমোগ্রাফিক) গোষ্ঠীর ভেতরের বাস্তব ভিন্নতাকে ঢেকে ফেলে। সাম্প্রতিক এই তথ্য সেটিই স্পষ্ট করেছে।
পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ধূমপানের হার এখনো অনেক কম। তবে জাতীয়ভাবে ধূমপানের প্রবণতা কমার মধ্যেও নারীদের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। গবেষণায় বলা হয়েছে, জাতীয় গড়ের পাশাপাশি লিঙ্গভিত্তিক ধূমপানের প্রবণতাও আলাদাভাবে বিশ্লেষণ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে তামাক নিয়ন্ত্রণ নীতি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পুরুষদের ধূমপানের হার কমাতে ভূমিকা রেখেছে। তবে নারীদের মধ্যে ধূমপান বৃদ্ধির কারণগুলো আলাদাভাবে চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ধূমপানের পরিবর্তনশীল এই প্রবণতা বিশ্লেষণের জন্য ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ ‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’ নামে একটি নতুন ড্যাশবোর্ড চালু করেছে।
ড্যাশবোর্ডটিতে ‘গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে’ ও ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে’-এর গত ১০ বছরের তথ্য একত্র করা হয়েছে। এতে বয়স ও লিঙ্গভিত্তিক ধূমপানের হার, পরোক্ষ ধূমপানের প্রভাব, সিগারেটের মূল্যবৃদ্ধির ধারা এবং তামাক নিয়ন্ত্রণ নীতি নিয়ে জনমতের তথ্যও যুক্ত করা হয়েছে।
নতুন এই তথ্যভাণ্ডার পাকিস্তানে তামাক ব্যবহারের পরিবর্তিত ধরণ, বিশেষ করে নারী ও পুরুষের মধ্যে ধূমপানের প্রবণতার পার্থক্য বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

