সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ৫ থেকে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এর আগে গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার পর এক মাস না পেরোতেই একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

