হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৬৫ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ২৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

ইত্তেফাক/এসজে