হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৬:১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া ৫৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এমএএম