নেত্রকোনা জেলা সদরের সঙ্গে হাওর উপজেলা মদন এবং খারিয়াজুরী উপজেলায় বয়রাহলা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর স্টিলের পাটাতন ভেঙে গেলে দুই দিন ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছে ছিল। তাই এলাকাবাসী অপ্রশস্ত বেইলি সেতু ভেঙে প্রশস্ত পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে।
১৯৯৩ সালে এই নদীর ওপর বেইলি সেতু নির্মাণ করা হয়। কিন্তু তখনই এলাকাবাসী প্রশস্ত পাকা সেতু নির্মাণের দাবি জানালেও অর্থাভাবে পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। গত ২২ বছরে হাওরের দুটি এলাকায় ট্রাকে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় এবং যাত্রীবাহী বাসের সংখ্যাও সেই হারে বাড়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, বয়রাহলা বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুর আলম তরফদার বলেন, এই বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। প্রকল্পের অনুমোদন এবং টাকা বরাদ্দ পাওয়ার পর বয়রাহালা নদীর ওপর প্রশস্ত পাকা সেতু নির্মাণ করা হবে।
