ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুটওভারব্রিজ। সচেতনতার অভাবে তা ব্যবহারে অনীহা পথচারীদের। আর তাই ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন মহাসড়ক। সচেতনতা বৃদ্ধির জোগান দিতে এগিয়ে আসছেন না কেউ। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
ত্রিশাল পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, নজরুল একাডেমি, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, আব্বাছিয়া ফাজিল মাদ্রাসা, শুকতারা বিদ্যানিকেতন, রাহেলা হযরত মডেল স্কুলসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
নজরুল ডিগ্রি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা, জাহিদসহ কয়েক শিক্ষার্থী বলেন, ফুট ওভারব্রিজ কেউ ব্যবহার করে না সবাই নিচ দিয়ে চলাচল করে তাই আমরাও এভাবে রাস্তা পার হচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির বলেন, ‘অসচেতনতার জন্যই এমনটি ঘটছে। আমরা অতি দ্রুত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করব’।
