পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে নিয়ে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন চান। আর এই পরিবর্তন একমাত্র সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করতে পারেন। তিনি আরো বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক, সমাজের দর্পণ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারের আহবান জানান। তিনি সুনামগঞ্জ প্রেসক্লাব ভবনটিকে দ্বিতল করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। শনিবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. সাহারুল ইসলাম। মতবিনিময় সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
