১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৪০

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের হিসাব তুলে ধরে জবাবদিহিতামূলক একটি প্রচারপত্র প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি গত ১৮০ দিনে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি, সামাজিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের উদ্যোগ ও কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।

প্রচারপত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে সড়ক, মাটির রাস্তা, সেতু-কালভার্ট, মাদরাসা-মসজিদ, স্কুল ও কলেজের উন্নয়নসহ মোট ১৬৬টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বরাদ্দকৃত অর্থের পাশাপাশি বিভিন্ন খাতে সম্পন্ন, চলমান ও প্রস্তাবিত কাজের বিবরণও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া খাল খনন ও পুনঃখনন, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত, নতুন স্কুল ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের তথ্য প্রচারপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ে টয়লেট ও গভীর নলকূপ স্থাপন এবং ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। মৎস্য খাতে পোনা অবমুক্তকরণ ও বিনামূল্যে চাষ প্রকল্পের তথ্যও তুলে ধরা হয়।

সামাজিক সেবার আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, নগদ অর্থ সহায়তা, মহিলা প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাব এবং ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে সহায়তার তথ্য দেওয়া হয়েছে। কৃষি খাতে কৃষক কার্ড, চারা ও ধানবীজ বিতরণের পাশাপাশি ইউরিয়া সার বিতরণের হিসাবও তুলে ধরা হয়।

এলজিইডি ও পৌরসভা উন্নয়ন খাতে রাস্তা, কালভার্ট, সেতু, ড্রেন, পার্ক, ব্রিজ ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের তথ্য প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুব উন্নয়ন খাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণদান কর্মসূচির পাশাপাশি ‘২০ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সড়কের পাশে গাছ লাগানো এবং নদীভাঙন রোধে নেওয়া উদ্যোগের তথ্যও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে নির্বাচনী এলাকার উন্নয়নকাজের অগ্রগতি নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সব ইউনিয়নের তৃণমূল পর্যায়ের চাহিদা অনুযায়ী উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছি। কিছু কাজ চলমান রয়েছে। পাশাপাশি উপজেলা ভিত্তিক আরও কিছু বড় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতিও চলছে।’

উন্নয়ন ও জনগণের স্বার্থে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ কামনা করে তিনি বলেন, উপজেলার চলমান ও নতুন করে সৃষ্টি হওয়া সমস্যাগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্টদের অবহিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এমএসআর