টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
রবিবার বেলা ১১টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধু ও ৭৫ সালে তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী বছর মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে অচিরেই কাউন্টডাউন শুরু করা হবে। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমরা এক যোগে মুজিব বর্ষ উদ্যাপন করব। যার শুভ সূচনা হবে বঙ্গবন্ধুর এই পুণ্য জন্মভূমি টুঙ্গিপাড়ায়।
এসময়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
