জয়পুরহাটের আক্কেলপুরে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার কথা বলে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ী বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ রয়েছে। গত রাতে বহিষ্কারের পর আজ সোমবার দলের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে তা জানানো হয়।
রোববার (২৩ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন ও এম ইউ আহমেদ মোশারফ স্বাক্ষরিত চিঠিতে মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পরে আজ সোমবার ওই ইউনিয়নের সব এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার করা হয়।
বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে বাড়িটি ছেড়ে দেননি। এ কারণে বিএনপির সব পদ ও সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম বাড়ি দখলের অভিযোগ এনে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়কালী গ্রামের চার শতক জমির ওপর প্রায় ১০ থেকে ১২ বছর আগে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন বেলাল হোসেন। প্রায় চার বছর আগে ওই বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।তখন তার স্ত্রী শাহনাজ বেগম বাড়িতে ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনিও স্বামীর সঙ্গে চলে যান।
আরো জানা গেছে, সেই সুযোগে মিজানুর রহমান বাড়িটি দখলে নেন। পরে বাড়ি ভাড়ার টাকা দেওয়ার কথা বললেও তা দেননি। একপর্যায়ে তিনি দাবি করেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। এ কারণে তিনি বাড়িটি ছাড়তে রাজি হননি।
মিজানুর রহমান বলেন, ‘জায়গাটি আমার দাদার। ১০ থেকে ১৩ বছর আগে বেলাল হোসেন জায়গাটি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বেলাল হোসেন রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমাদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। আমি বাড়ি দখল করিনি, নিজেদের জায়গা ফেরত নিয়েছি।’
বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি। উপজেলা বিএনপি আমাকে ডেকেছে। তবে সোমবার সকালে ওই বাড়ি থেকে সব আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে বাড়িটি ছেড়ে দিয়েছি।’
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা বলেন, ‘অন্যের বাড়ি দখল করা বড় ধরনের অপরাধ। যে দলের লোকই হোক না কেন। আমরা তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম। এরপরও তিনি বাড়ি ছাড়েননি। তাই দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কোনো প্রকার অন্যায়ের সঙ্গে দল আপস করবে না।’
তথ্যসূত্র: কালেরকণ্ঠ

