কমলগঞ্জে চা বাগানে দশটি মদের আখড়া উচ্ছেদ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:২৮

শমসেরনগর চা বাগানের সচেতন চা ছাত্র, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে। অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত  চোলাই মদের দশটি আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা যায়, ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনো দেশের বিভিন্ন চা বাগানে মাদকের কেনা-বেচা অব্যাহত আছে। মাদক সেবন করে চা শ্রমিকরা স্ত্রী-সন্তানদের সঙ্গে ঝগড়াঝাটিসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, ওয়ার্ড ইউপি সদস্য সীতারাম বীন ও জাগরণ যুবফোরাম সভাপতি মোহন রবিদাসের নেতৃত্বে কানিহাটি চা বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে চা বাগানের ১০টি শ্রমিক ঘরের  চোলাই মদ তৈরি আখড়া ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে কানিহাটি চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রতাপ রিকিয়াসনও উপস্থিত ছিলেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মাদকে চা শ্রমিকরা সব টাকা ব্যয় করে নিজের শারীরিক ক্ষতির সঙ্গে পরিবার-পরিজনের বড়ো ধরনের ক্ষতি সাধন করছে। এ নিয়ে সামাজিক বৈঠকে বোঝানো হয়। তারপরও  চোলাই মদ তৈরি হওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দফা  চোলাই মদের আখড়া ভেঙে দেওয়া হলো। এরপরও  চোলাই মদ তৈরি ও ব্যবসা করলে পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।