ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজারে ৪ ডেন্টাল ক্লিনিক বন্ধ অপরিস্কার, কাগজপত্র ঠিক নেই

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৮

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরে অবস্থিত ৪টি ডেন্টাল ক্লিনিকে শনিবার অভিযান চালায় এবং কাগজপত্র ঠিক না থাকায় ও অপরিচ্ছন্নভাবে রোগীদের চিকিত্সা সেবা প্রদানের অপরাধে ক্লিনিকগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। কাগজপত্র ঠিক করার আগ পর্যন্ত সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া এবং অপরিচ্ছন্নভাবে বাজারের মিতালী ডেন্টাল কেয়ার, কাজী ডেন্টাল কেয়ার, পপুলার ডেন্টাল কেয়ার ও ঢাকা ডেন্টাল কেয়ার রোগীদের চিকিত্সা দিয়ে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে মিতালী ডেন্টাল কেয়ারকে ২০ হাজার, কাজী ডেন্টাল কেয়ারকে ২০ হাজার,  পপুলার ডেন্টাল কেয়ারকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া ও এসআই শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশ

আড়াইহাজার উপজেলার জালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেগে গতকাল বিকেলে বিদ্যালয়ের মাঠে শিক্ষার মানোন্নয়নকল্পে অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আওয়ামী লীগ নেতা  মনির হোসেন সিকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়াইহাজার  পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার, গোপালদী পৌর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।