গাজীপুরের কালীগঞ্জে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে দুই বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বেশ কিছু দামি জিনিসপত্র লুটে নিয়ে গেছে ডাকাতরা। বুধবার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া ও নগরভেলা গ্রামে এই দু’টি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হাতে আহত হয়েছেন তিনজন। এরা হলেন রায়েরদিয়া গ্রামের মতিউর রহমান (৩৪), নগরভেলা গ্রামের সৌরভ মিয়া (৩০) ও মায়া বেগম (৩২)। এদের মধ্যে মতিউর ডাকাতদের চাইনিজ কুড়ালের কোপে মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত মতিউরের বাবা আতিকুল্লাহ জানান, বুধবার দিবাগত আনুমানিক রাত ১টার দিকে ৩/৪ জনের মুখোশপড়া সশস্ত্র একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তার নাতি ইস্কান্দার সরকার (৫) ও ১ মাসের নাতনি ইভার গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন, ১টি ডিজিটাল ক্যামেরা লুটে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতরা তার ছেলেকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
অন্য দিকে, নগরভেলা গ্রামেও প্রায় একই পদ্ধতিতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার আসাদুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মুখোশপরা ৩/৪ জন সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তার ভাতিজি জান্নাতের (৫) গলায় ছুরি ঠেকিয়ে নগদ ১ লাখ টাকা, ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় তার চিত্কারে পাশের বাড়ির ভাড়াটিয়া সৌরভ ও মায়া এগিয়ে আসলে তাদেরকে রড দিয়ে পিটিয়ে আহত করে ডাকাতদল।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগীদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
